অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের জন্য প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল
- আপলোড সময় : ০৯:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ২০৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার জন্য ক্রিকেটাররা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেছেন, টেস্ট ফরম্যাটে উন্নতি করার পাশাপাশি ফিল্ডিংয়ের উপরও কঠোর পরিশ্রম করেছে খেলোয়াড়রা।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত একটি ভিডিও বার্তায় আশিক বলেন, ‘খেলোয়াড়রা দিন দিন উন্নতি করছে ও কঠোর পরিশ্রম করছে। বিশেষ করে টেস্ট ফরম্যাটে। এখানে স্লিপ ক্যাচ, উঁচু ক্যাচ, ডিপ ফাইন লেগ, ডিপ স্কয়ার লেগের মতো জায়গায় ক্যাচ ধরার মত অনুশীলন বেশি হয়েছে।’
তিনি জানান, প্রস্তুতি ম্যাচের কারণে দল উপকৃত হয়েছে এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সক্ষম হয়েছে। আশিক বলেন, ‘অনুশীলন ম্যাচে সবাই ভালো ফিল্ডিং করেছে। অস্ট্রেলিয়ার কন্ডিশন আমাদের মাথায় আছে।’
আশিক আরও জানান, খেলোয়াড়রা দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করছে এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ‘আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’
ফিল্ডিংয়ে হাফ-চান্সকে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করে আশিক বলেন, ‘মনোযোগ ধরে রাখা টেস্ট ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হলো- হাফ-চান্সকে পুরোপুরিভাবে কাজে লাগানো।’
























