পুলিশের বিরুদ্ধে গুজব ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
- আপলোড সময় : ০৩:১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশকে নিয়ে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মে পুলিশ সম্পর্কে অপতথ্য ছড়ানো হচ্ছে এবং এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পুলিশ বাহিনীর নিম্নপর্যায়ের কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে আগে আলোচনা হলেও এখন মহাপরিদর্শক (আইজিপি) নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
পুলিশ সুপার বলেন, এ বিষয়ে একটি বিবৃতিও দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে, যারা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, কিছু স্বার্থান্বেষী মহল পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে চেষ্টা করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে উন্নত এবং মানুষ নিরাপদে ঘুমাতে পারছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




















