চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৯.৪৮ শতাংশে নেমেছে
- আপলোড সময় : ০১:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশে নেমে এসেছে। গত বছর এ হার ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ।
এ বছর মোট ৭৭ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যেখানে গত বছর পাস করেছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন, যা গত বছরের ১১ হাজার ৮৪৩ জনের তুলনায় কম।
সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল।
বিভাগভিত্তিক ফলাফলেও পাসের হার কমেছে। বিজ্ঞান বিভাগে ৮৪ দশমিক ৪১ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬০ দশমিক ১২ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
জেলাভিত্তিক ফলাফলে চট্টগ্রাম মহানগরে পাসের হার ৭৪ শতাংশ, চট্টগ্রাম জেলায় ৫৭ দশমিক ১৩ শতাংশ এবং কক্সবাজারে ৫৭ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া ২১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে, তবে ৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
























