তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান
- আপলোড সময় : ০৯:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ২৩৫ বার পড়া হয়েছে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ গত রোববার (২ আগস্ট) হাফিজুর রহমানকে জামিন দেন। জামিনের আদেশ পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়, বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান।
হাফিজুর রহমানকে গত ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পরদিন তাকে আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পিবিআই জানিয়েছে, তনুর পোশাকের ডিএনএ পরীক্ষায় একাধিক পুরুষের ডিএনএ প্রোফাইল পাওয়া গেছে। সন্দেহভাজন দুই ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহের জন্য আদালতে আবেদন করা হয়, যা গত ১৬ জুলাই অনুমোদন পায়।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, হাফিজুর রহমানের জামিনে মুক্তির বিষয়টি আদালতের মাধ্যমে জানা গেছে এবং অন্যান্য সন্দেহভাজনদের গ্রেপ্তার ও ডিএনএ নমুনা সংগ্রহের চেষ্টা চলছে।
























