বরেন্দ্র অঞ্চলে পানির সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ
- আপলোড সময় : ০৮:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ২০৬ বার পড়া হয়েছে
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান মো. হাসান জাফির তুহিন বলেছেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের জীবন-জীবিকা পানির ওপর নির্ভরশীল। তিনি পানির প্রতিটি ফোঁটার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পানির উৎস সংরক্ষণ করার আহ্বান জানিয়েছেন।
রোববার (৯ আগস্ট) রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁর হলরুমে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শের ফলাফল যাচাই-বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএমডিএ ও এডিবি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
মো. হাসান জাফির তুহিন বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষকের উৎপাদন বাড়াতে সেচ সুবিধা গুরুত্বপূর্ণ। তবে ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে কৃষির উন্নয়ন দীর্ঘমেয়াদে টেকসই করা সম্ভব নয়। সেচ পরিকল্পনা করতে হবে কোথায় কী পরিমাণ পানি ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে পানির প্রাপ্যতা কেমন হবে, এসব বিষয় বিবেচনায় নিয়ে।
তিনি আরও বলেন, আধুনিক সেচ প্রযুক্তি ও পানি সাশ্রয়ী কৃষি পদ্ধতির ব্যবহার বাড়াতে হবে। কৃষকের উৎপাদন খরচ কমানো ও আয় বাড়ানোর বিষয়টিও পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে।
কর্মশালায় বরেন্দ্র প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, কৃষি ও সেচ ব্যবস্থাপনা, পানি সম্পদের টেকসই ব্যবহার এবং কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম সভাপতিত্ব করেন।






















