সিদ্ধিরগঞ্জে আদমজী মার্চেন্ট ওয়ার্কারস্ উচ্চবিদ্যালয়ের সভাপতি সাগর
- আপলোড সময় : ০৩:০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ২১২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী মার্চেন্ট ওয়ার্কারস্ ( এম ডব্লিউ) উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগরকে।
গত (১১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে জারি করা এক আদেশে ছয় মাসের জন্য বিদ্যালয়টির এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বিধানমালা অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি এড. রাকিবুর রহমান সাগর ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মো. আতিকুর রহমান, অভিভাবক সদস্য হিসেবে মো. মোহসীন হোসেন এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন।
দায়িত্ব পাওয়ার পর এ বিষয়ে এড. রাকিবুর রহমান সাগর জানান, আদমজী মার্চেন্ট ওয়ার্কারস্ হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই দায়িত্বকে তিনি সম্মানের পাশাপাশি একটি বড় আমানত হিসেবে দেখছেন বলেও জানান। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় তৈরি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করার কথা জানান তিনি।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশের মাধ্যমে বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টার কথাও জানান তিনি।
























