জ্বালানি খাতে লুটপাটের অভিযোগ তুললেন ব্যারিস্টার ফুয়াদ
- আপলোড সময় : ০৭:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ২০৯ বার পড়া হয়েছে
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘সবার আগে বাংলাদেশের পরিবর্তে সবার আগে লুটপাটতন্ত্র কায়েমের চেষ্টা চলছে।’ তিনি আজ শনিবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি খাতে অরাজকতা ও ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধের দাবিতে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
ফুয়াদ বলেন, ‘বাংলাদেশের বিদ্যুৎ সংকটের মূল সমস্যা কয়লা নয়, বরং আমদানিনির্ভরতা ও বেসরকারিকরণের রাজনৈতিক অর্থনীতি।’ তিনি উল্লেখ করেন, দেশে ৫০-৬০ বছর ব্যবহারের মতো কয়লা মজুদ থাকার পরও উচ্চমূল্যের এলএনজি ও আমদানিকৃত কয়লার ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে, যা বিদ্যুৎ উৎপাদন ব্যয় ও জনগণের বিদ্যুৎ বিল বাড়াচ্ছে।
তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার অতীতে জ্বালানি খাতে কার্যকর সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। যারা অতীতে ব্যর্থ হয়েছেন, তাদের পুনরায় দায়িত্ব দেওয়া কতটা বাস্তবসম্মত, জনগণ তা জানতে চায়।’ ফুয়াদ বলেন, ‘কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতের বেসরকারিকরণ জনগণের ওপর চাপ সৃষ্টি করছে।’
সংবাদ সম্মেলনে এবি পার্টির পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে দেশীয় কয়লা ও গ্যাসের পরিবেশসম্মত ব্যবহার নিশ্চিত করা, এলএনজি ও কয়লা আমদানির ওপর নির্ভরতা কমানো এবং বিদ্যুৎ খাতের বড় চুক্তির স্বাধীন জাতীয় অডিট করা।
























