গাইবান্ধায় যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মী মারা গেছেন
- আপলোড সময় : ১২:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ২০৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতার ছুরিকাঘাতে আহত সালাউদ্দিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আজ শনিবার (৮ আগস্ট) সকাল ৭ টা ৪০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন।
গত ২১ জুন বিকেলে ৩ টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। ওইদিন একই ঘটনায় শিবির নেতা সাইফুল ইসলামও মারা যান। সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে প্রধান শিক্ষক হাবিবুল্লার সাথে যুবদল নেতার কথার কাটাকাটি হয়। পরে বিষয়টি সমঝোতায় মীমাংসা হলেও হামলার ঘটনা ঘটে।
হামলার সময় সালাউদ্দিন ও সাইফুল্লাহ বোনারপাড়া টু সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এসময় যুবদল নেতারা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা সালাউদ্দিনকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে সাইফুল্লাহকে মৃত ঘোষণা করা হয় এবং সালাউদ্দিনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।
সালাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা। তিনি জানান, দীর্ঘ ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান।

























