পাওনা টাকার জেরে চা বিক্রেতাকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
- আপলোড সময় : ০৮:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈর উপজেলার শ্বশুরবাড়ি থেকে চা বিক্রেতা সামিরুল শাহ (৬০) হত্যা মামলার প্রধান আসামি মুন্টু হোসেন (৫০) গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানিয়েছে, পূর্বের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ফোন করে ডেকে নিয়ে সামিরুলকে হত্যা করা হয়।
রোববার দুপুরে মাদারীপুর জেলা পুলিশের সহযোগিতায় দৌলতপুর থানার পুলিশ মুন্টুকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে। মুন্টু তারাগুনিয়া থানামোড় এলাকার মকসেদ মিস্ত্রির ছেলে।
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সামিরুল শাহকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। হত্যার পর ছুরিটি ঘটনাস্থল থেকে কিছু দূরে ফেলে রাখা হয়।
নিহত সামিরুল শাহের বড় ছেলে আবু সাঈদ শুক্রবার রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে তার বাবা মুন্টুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে তার মরদেহ উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। মুন্টুকে আদালতে সোপর্দ করা হবে এবং তদন্ত চলছে।

























