রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন উদযাপন
- আপলোড সময় : ০৩:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২৩১ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) রাতে রিয়াদের ১৮ নম্বর এক্সিট এলাকার আল ওয়ালিদ রিসোর্ট হাউজের মিলনায়তনে এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘উৎসবে আনন্দে ২৪ বর্ষে প্রিয় এনটিভি’ শীর্ষক অনুষ্ঠানে ২৪ কেজি ওজনের দুটি কেক কাটা হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয় এনটিভির নিয়মিত আয়োজন ‘প্রবাস বিনোদন’-এর ২৯তম পর্ব।
প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ, মানুষ ও প্রবাসীদের কথা তুলে ধরার মাধ্যমে এনটিভি আস্থা ও জনপ্রিয়তার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলী আহছান কিরণ। সঞ্চালনা করেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন সানসিটি মেডিকেল সেন্টারের আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীন মিশাল ট্রাভেলসের সিইও বীন মিশাল, উৎখালিজ মাহবুব পারফিউমের সৌদি আরব শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, নারী উদ্যোক্তা নাসিমা ইমাম, সংগীতশিল্পী তাসলিমা মৌ, বাকলারান ইউনিফর্মের সিইও মঈন উদ্দিন স্বপন, মানবিক সংগঠন ‘হাসি’র প্রতিষ্ঠাতা মুসলিম উদ্দিন মুন্না, ব্যবসায়ী আলমগীর হোসেন এবং মিডিয়া ব্যক্তিত্ব মসলেহ উদ্দিন লিটন।
পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া প্রবাসী পরিবারের শিশু-কিশোর ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে এনটিভির লোগোসংবলিত টি-শার্ট বিতরণ করা হয়।
সাংস্কৃতিক পর্বে রিয়াদের শিল্পীদের গান, নৃত্য ও কবিতা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম হৃদয়ের পরিচালনায় এনটিভি সাংস্কৃতিক ফোরামের শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
সমাপনী বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান এবং বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)-এর সভাপতি ফারুক আহমেদ চান বলেন, প্রবাসীদের জন্য এনটিভির ‘প্রবাস বিনোদন’ আয়োজন ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে। এ আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে সৌদি আরবে কর্মরত বিভিন্ন বাংলা গণমাধ্যমের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।























