কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০
- আপলোড সময় : ০৩:০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ড্রোন প্রযুক্তির একটি প্রদর্শনীতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত হয়েছেন। একই দিনে দেশটির বিভিন্ন স্থানে চালানো পৃথক হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৫ জনে দাঁড়িয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দিনের বেলায় চালানো এ হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, প্রদর্শনীতে প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কিয়েভে হামলার পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সেরহি বেস্ক্রেস্তনভ ও লিউবা শিপোভিচের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। তবে পরে তারা জানান, তারা নিরাপদ আছেন। বেস্ক্রেস্তনভ বলেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তিনি ওই অনুষ্ঠানে যাননি।
ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানিয়েছেন, এই হামলায় তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে মাত্র একটি প্রতিহত করা সম্ভব হয়েছে। রাশিয়া এই হামলার সত্যতা স্বীকার করেছে এবং জানিয়েছে, তারা একটি স্থাপনায় হামলা চালিয়েছে যেখানে ড্রোন প্রদর্শন করা হচ্ছিল।
এদিকে, পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার ইউক্রেনের হামলায় রাশিয়ার কিরভ শহরে ৬ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে।
























