মুম্বাইয়ে জেন-জি বিক্ষোভ ঠেকাতে পুলিশের নতুন পদক্ষেপ
- আপলোড সময় : ০২:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ভারতের মুম্বাইয়ে চলমান জেন-জি বিক্ষোভে অংশগ্রহণ ঠেকাতে নতুন কৌশল নিয়েছে পুলিশ। স্থানীয় থানার পক্ষ থেকে বিক্ষোভকারীদের ফোন করা, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে বলা এবং বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ককরোচ জনতা পার্টি (সিজেপি) সমর্থিত শিক্ষার্থী আন্দোলনের কারণে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। এ প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনী সরাসরি যোগাযোগের মাধ্যমে নজরদারি শুরু করেছে।
যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, তাদেরকে স্থানীয় থানার পক্ষ থেকে ফোন ও বার্তা পাঠিয়ে ঘরে থাকতে বলা হচ্ছে। সামাজিক মাধ্যমে কিছু স্ক্রিনশট প্রকাশিত হয়েছে, যেখানে পুলিশ কর্মকর্তারা বিক্ষোভকারীদের হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে নির্দেশ দিয়েছেন।
এছাড়া, মুম্বাই ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের বাড়িতে ইউনিফর্ম পরা পুলিশ সদস্যরা পাঠানো হয়েছে। তারা পরিবারের সদস্যদের চলমান তদন্তের বিষয়ে অবহিত করছেন এবং শিক্ষার্থীদের জনসমাবেশে অংশ না নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করেছেন, এসব ব্যবস্থা প্রতিরোধমূলক। তাদের মতে, তরুণদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তা ভবিষ্যতে পাসপোর্ট, উচ্চশিক্ষায় ভর্তি এবং চাকরির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, আন্দোলনকারীদের পক্ষে থাকা আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, পুলিশের এসব পদক্ষেপ ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাধীন চলাচলের অধিকারের বিষয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।

























