বাব আল-মান্দেব ঘিরে হুতি বিদ্রোহীদের হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে
- আপলোড সময় : ০৯:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
বাব আল-মান্দেব ঘিরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকি আন্তর্জাতিক জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটি বলছে, তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বৈশ্বিক তেলের বাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে আইইএ জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালি হরমুজ প্রণালির বিকল্প নৌপথ হিসেবে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সংস্থাটির মতে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উদ্ভূত হুমকি আন্তর্জাতিক জ্বালানি বাজারে বিদ্যমান উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।
আইইএর তথ্য অনুযায়ী, সদস্য দেশগুলোর জরুরি তেল মজুত থেকে তেল ছাড়ার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে এবং এর মাধ্যমে বাজারে উল্লেখযোগ্য স্বস্তি মিলছে। গত ১১ মার্চ কৌশলগত মজুত থেকে মোট ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছিল, যার মধ্যে এখন পর্যন্ত প্রায় ২৯ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়া হয়েছে।
এদিকে, গতকাল ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সামুদ্রিক অবরোধ কার্যকর করা হচ্ছে।
সূত্রের তথ্য অনুযায়ী, ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র হামলা চালালে ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে বাব আল-মান্দেব বন্ধ করতে প্রস্তুত থাকতে নির্দেশ দেয় তেহরান। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ইতোমধ্যেই বন্ধ থাকায় বাব আল-মান্দেবেও অস্থিতিশীলতা তৈরি হলে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগতে পারে।
























