নিকোটিন পাউচের মান প্রণয়নে উদ্যোগ, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
- আপলোড সময় : ০৫:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নিকোটিন পাউচের মান প্রণয়নের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসটিআই-এর গঠিত ট্যোবাকো অ্যান্ড ট্যোবাকো প্রোডাক্ট টেকিনিক্যাল কমিটিতে সরকারের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এবং তামাকবিরোধী সংস্থাগুলোর প্রতিনিধি নেই। তবে তামাক কোম্পানির প্রতিনিধিত্ব রয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আর্টিক্যাল ৫ দশমিক ৩ লঙ্ঘন বলে দাবি করেছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)।
প্রজ্ঞা ও আত্মা জানায়, নিকোটিন পাউচ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদিও তামাক কোম্পানি এটি ‘তুলনামূলক কম ক্ষতিকর’ বলে দাবি করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) সতর্ক করেছে যে, এতে উচ্চমাত্রার নিকোটিন থাকে, যা তীব্র আসক্তি সৃষ্টি করে।
বিশ্বব্যাপী কিশোর ও তরুণ প্রজন্ম নিকোটিন পাউচের প্রধান গ্রাহক হয়ে উঠছে। ইতোমধ্যে ১৬টি দেশ এই পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিকোটিন পাউচ নিষিদ্ধের প্রস্তাব করা হলেও সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে তা বিবেচনা করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের সুরক্ষার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, কিন্তু বিএসটিআই-এর উদ্যোগ তা পরিপন্থি বলে মনে করছে প্রজ্ঞা-আত্মা।

























