বুয়েটের নতুন প্রোভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম
- আপলোড সময় : ০৬:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। তিনি বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম ১৯৯৭ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং একই বছর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং বর্তমানে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি উচ্চশিক্ষার জন্য জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে সেখানে দুই বছর পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। কুমিল্লার কোর্টবাড়ী এলাকায় জন্ম নেওয়া ড. শরীফুল ইসলাম ছাত্রজীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
গবেষণার ক্ষেত্রে তার বিশেষ আগ্রহের বিষয়গুলোর মধ্যে রয়েছে বায়োইঞ্জিনিয়ারিং, জলবায়ু-সহনশীল অবকাঠামো এবং দুর্যোগ-সহনশীল আবাসন। তিনি ১৯০টিরও বেশি গবেষণা প্রবন্ধ, বই এবং নকশা নির্দেশিকা প্রকাশ করেছেন এবং ২৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে বুয়েট শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।

























