তিন তরুণী মিলে এক যুবককে বিয়ে, ভিডিও নিয়ে বিতর্ক
- আপলোড সময় : ০১:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলায় একই যুবককে তিন তরুণীর বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা দেখা গেলেও মন্দির কর্তৃপক্ষ এমন কোনো বিয়ের বিষয়ে জানার কথা অস্বীকার করেছে। এদিকে ঘটনাটি ঘিরে আইনি ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, এক যুবককে ঘিরে তিন নারী হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক ঘুরছেন। পরে ওই যুবক তিনজনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। তিন নারীর নাম সরোজ, সাবিত্রী ও সন্তোষ, যারা আমরোহা জেলার ধোরিয়া গ্রামের বাসিন্দা।
যুবকের নাম বিকাশ, যিনি ‘ভিক্কু’ নামেও পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে ওই তিন নারীর সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ধারণ করতেন। ভিডিও প্রকাশের পর চারজনই দাবি করেছেন, বিয়েটি বাস্তব এবং এটি কোনো কনটেন্ট তৈরির অংশ নয়।
তিন নারী জানান, তারা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছেন এবং আলাদা হয়ে যেতে চাননি। পরিবারের পক্ষ থেকে তাদের আলাদা আলাদা পাত্রের সঙ্গে বিয়ের উদ্যোগ নেওয়া হলে তারা একসঙ্গে বিকাশকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
বিকাশ বলেন, তিনজনের মধ্যে গভীর সম্পর্কের বিষয়টি বুঝেই তিনি তাদের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। ভাইরাল ভিডিও নিয়ে সমালোচনার মুখে তিন নারী আরেকটি ভিডিও প্রকাশ করে বলেন, ‘আমরা সবাই প্রাপ্তবয়স্ক এবং নিজের ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছি।’
ভিডিওটি হাসানপুরের মা চামুণ্ডা মন্দিরে ধারণ করা হয়েছে বলে দাবি করা হলেও মন্দির কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো তথ্য জানার কথা অস্বীকার করেছে। ভারতের হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫ অনুযায়ী, জীবিত স্ত্রী বা স্বামী থাকা অবস্থায় পুনরায় বিয়ে বৈধ নয়।























