বাগেরহাটে এপিপি নিজাম উদ্দিন শান্তকে হত্যা, শোকের ছায়া আইনজীবী সমাজে
- আপলোড সময় : ১২:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
বাগেরহাট জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের মৃত তোরাব আলীর একমাত্র সন্তান। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের স্ত্রী স্বর্ণা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার স্বামী মোটরসাইকেলে করে বাড়িতে আসেন। তিনি স্বামীকে ঘরে আসতে বললে শান্ত জানান, একজন ভাগ্নে তার সঙ্গে আছে, তাকে নামিয়ে দিয়েই ফিরে আসবেন। এরপর রাত পৌনে ১১টার দিকে স্বর্ণা স্বামীর মোবাইলে একাধিকবার কল করেন, কিন্তু কোনো উত্তর মেলেনি।
পারিবারিক সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন শান্তর তিন কন্যা সন্তান রয়েছে। তার বড় মেয়ে নিগার সুলতানা দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। স্বর্ণা আক্তার জানান, তিনি স্বামীর আগের সংসারের দুই কন্যাকেও নিজের সন্তানের মতোই স্নেহে লালন-পালন করে আসছেন।
এদিকে, বাগেরহাট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন এ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনজীবী সমাজ ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।























