সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ তিনজন আটক
- আপলোড সময় : ০৭:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ২৩৭ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ সদরের সীমান্তসংলগ্ন বালিকান্দি গ্রামে পুলিশ অভিযান চালিয়ে কোটি টাকার বেশি ভারতীয় কাপড় জব্দ করেছে। বুধবার (২২ জুলাই) রাতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাচালানের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন মো. জাকির হোসেন (৫০), আব্দুল মান্নান (৫৫) এবং মো. মামুন মিয়া (২৬)। পুলিশ জানায়, চোরাকারবারিরা অবৈধভাবে ভারত থেকে কাপড় এনে বালিকান্দি গ্রামের দুটি বাড়িতে মজুত করেছিল। পরে এসব কাপড় দেশের বিভিন্ন এলাকায় পাচারের পরিকল্পনা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭টি বস্তা থেকে ৬১৮ পিস কাতান শাড়ি, ১০ পিস স্যুটের থান কাপড় এবং দুটি লেহেঙ্গা উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি দুই লাখ ৪০ হাজার টাকা।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





















