রূপগঞ্জে ব্যবসায়ীর জমির নির্মাণকাজে ভাঙচুরের অভিযোগ, চাঁদা দাবি
- আপলোড সময় : ০৪:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর জমিতে নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা জমির সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং নিজেদের নামে সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মাসুম মিয়া জানান, তিনি ২০০৮ সালে বৈধ দলিলের মাধ্যমে ৯ শতাংশ জমি কিনেছিলেন। জমির সীমানা নির্ধারণ করে সেখানে সীমানা প্রাচীর ও পিলার নির্মাণ করা হয়। মাসুম দাবি করেন, তিনি প্রায় ১৮ বছর ধরে জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন।
গত ২২ জুলাই তিনি জমিতে বালু ভরাটের কাজ শুরু করেন। এ সময় রয়েল পার্টিকেল মিলের এমডি আব্দুল্লাহ মোহাম্মদ ইসার নির্দেশে ২০ থেকে ২২ জনের একটি দল এসে নির্মাণকাজে বাধা দেয় এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে সীমানা প্রাচীর ও পিলার ভেঙে সেখানে একটি অস্থায়ী সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টা চালায়।
মাসুমের ভাই আলী হোসেন জানান, একই জমি নিয়ে পূর্বে দায়ের হওয়া একটি মামলার তদন্ত আদালতের নির্দেশে সম্পন্ন হয়। প্রতিপক্ষ মামলা প্রত্যাহার করলে আদালতের আদেশ অনুযায়ী তারা নির্মাণকাজ শুরু করেন। এরপরও তাদের কাজে বাধা দেওয়া, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

























