রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে ইসি
- আপলোড সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার আগে আলোচনা করতে স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৬ জুলাই) নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, আইন ও প্রচলিত রীতি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় সিইসি এএমএম নাসির উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এর আগে সিইসির দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিষয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সংবিধান ও আইন অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হলে তা যাচাই করে ভোটার তালিকা প্রস্তুত করবে ইসি। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।























