যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
- আপলোড সময় : ০৮:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার কাজিরহাটে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই কিশোর মামাতো ও ফুফাতো ভাই। তারা দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজরা হলো টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে শ্রী বিনয় রায় (১৫) এবং গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে শ্রী প্রভাত সরকার (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই কিশোর পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকার শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুর ১২টার দিকে তারা বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুজনই তলিয়ে যায়।
স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
























