চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপলোড সময় : ০৭:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বন্যাকবলিত তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এ সফর চূড়ান্ত হয়েছে বলে বাসসকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ছাড়াও গৃহহারা পরিবারকে নতুন নির্মাণকৃত বাড়ি হস্তান্তর করবেন।
স্থানীয় প্রশাসন ইতোমধ্যে বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ প্রায় সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী সেসব বাড়ি ক্ষতিগ্রস্তদের বুঝিয়ে দেবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখানে দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর অবতরণের জন্য হেলিপ্যাড প্রস্তুত করা হচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সফরসূচি চূড়ান্ত হলে প্রস্তুতি সম্পন্ন করা হবে।






















