জাতীয় সংসদ হবে রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের প্রধান মঞ্চ: তথ্যমন্ত্রী
- আপলোড সময় : ০১:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জাতীয় সংসদই হবে রাজনৈতিক বিতর্ক, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণের প্রধান মঞ্চ। তিনি সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু হতে হবে সংসদকে। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন তখনই সম্ভব, যখন জাতীয় সংসদকে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা যাবে।
জহির উদ্দিন স্বপন জানান, বাংলাদেশে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য এখনও সংগ্রাম করতে হচ্ছে, যা জাতির জন্য লজ্জার বিষয়। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মহল অতীতে ফ্যাসিবাদকে সমর্থন করেছিল, তবে জনগণ দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ভোটাধিকার ফিরে পেয়েছে।
মন্ত্রী আরও বলেন, বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোট সংসদ পরিচালনা করছে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তিনি জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসঙ্গে তিনি বলেন, সেখানে রাজনৈতিক সংঘাতের অস্থিরতা ও বিভাজনমূলক প্রবণতা উদ্বেগজনক। তিনি সকলকে সুশাসন নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।






















