১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন
- আপলোড সময় : ০৩:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান তার অনুরাগী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেক্যুলার মিশন এবং পশ্চিমবঙ্গের জন্য নামের দুটি সংগঠনের আমন্ত্রণে কলকাতায় আসেন তসলিমা। বিমানবন্দরে তার স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ওই সংগঠনের নেতৃবৃন্দ ও তসলিমার অনুরাগীরা।
শনিবার রবীন্দ্র সদনে তসলিমাকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান রয়েছে এবং পরদিন রোববার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
২০০৭ সালে তার আত্মজীবনী ‘দ্বিখণ্ডিত’ প্রকাশের পর কলকাতায় তীব্র বিক্ষোভের কারণে তৎকালীন সরকার তাকে শহর ছাড়তে বাধ্য করে। এরপর তিনি রাজস্থানের জয়পুরে গোপনে অবস্থান করেন, কিন্তু সেখানে কট্টরপন্থী সংগঠনের বিক্ষোভের মুখে তাকে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়।
২০০৮ সালের ১৯ মার্চ তিনি ভারত ছাড়তে বাধ্য হন এবং পরে সুইডেনসহ বিভিন্ন দেশে অবস্থান করেন। ২০১১ সালে ভারতে ফিরে আসার চেষ্টা করলেও পশ্চিমবঙ্গ সরকারের অনীহার কারণে কলকাতায় প্রবেশ করতে পারেননি। ২০১৫ সালে বাংলাদেশে ব্লগার হত্যার পর নিরাপত্তার কারণে তিনি আমেরিকায় চলে যান।
























