গাইবান্ধার যুবক রিমেল মিয়া ইউক্রেনে বন্দি, পরিবারের আকুল আবেদন
- আপলোড সময় : ১০:০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটী ইউনিয়নের রিমেল মিয়া (২২) জীবিকার তাগিদে রাশিয়ায় গিয়ে ইউক্রেনীয় বাহিনীর কাছে প্রায় ৮ মাস ধরে বন্দি রয়েছেন। তার পরিবার ও প্রতিবেশীরা সরকারের কাছে রিমেলকে দ্রুত ফিরিয়ে আনার জন্য আবেদন জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণশ্রমিকের চাকরি নিয়ে গত বছর রাশিয়ায় যান রিমেল। পরে কাজ হারিয়ে আইনি জটিলতায় পড়ে তিনি রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য হন এবং ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। সেখানে ইউক্রেনের বাহিনীর হাতে আটক হয়ে তিনি বর্তমানে একটি বন্দিশিবিরে রয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) তার বন্দিত্বের খবর প্রকাশিত হলে বিষয়টি জানাজানি হয়।
রিমেলের পরিবার জানায়, তিনি ২০২২ সালে শোভাগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। রাশিয়ায় যাওয়ার জন্য তিনি বাবার পৈতৃক জমি বিক্রি করে এবং ঋণ নিয়ে সেখানে যান। প্রথম তিন মাসে তিনি দেশে ১ লাখ ৩০ হাজার টাকা পাঠান, কিন্তু পরে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রিমেলের বাবা সৈয়দ আলী জানান, ১০ থেকে ১১ মাস ধরে ছেলের সঙ্গে তাদের যোগাযোগ নেই। শুক্রবার স্থানীয় যুবকদের মাধ্যমে ভিডিওতে রিমেলের বন্দিত্বের খবর জানতে পারেন। রিমেল জুমের মাধ্যমে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে জানান, তার পরিবার জানে না তিনি কোথায় আছেন।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি জানান, তিনি বিষয়টি জানেন এবং রিমেলকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবেন।





















