চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, শিশু নিরাপদ
- আপলোড সময় : ০৯:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে ২৫ বছর বয়সী নিলুফা খাতুন নামের এক নারী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন। তিনি তার চার বছরের শিশুপুত্রকে প্ল্যাটফর্মে রেখে এই ঘটনা ঘটান। স্থানীয় ক্লিনিকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত নিলুফা খাতুন দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় একটি ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার মুখে হঠাৎ করে নিলুফা খাতুন লাইন ধরে ঝাঁপ দেন।
দুর্ঘটনার পর উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে শিশুটি রেলওয়ে পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছে। আইনগত আনুষ্ঠানিকতা শেষে নিহতের মরদেহ এবং শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
















