সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, পুলিশ অস্বীকার করেছে
- আপলোড সময় : ১২:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ২২৫ বার পড়া হয়েছে
সিলেটের জৈন্তাপুরে শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। গণসংযোগ কর্মসূচি শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে একটি গাড়ির গ্লাস ভেঙে যায় এবং এতে দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুজন আহত হন।
স্থানীয় পুলিশ প্রশাসন এই ঘটনার সত্যতা অস্বীকার করেছে। জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা দাবি করেছেন, এনসিপির বহরকে নিরাপত্তার মধ্যে সীমান্ত পার করা হয়েছে এবং সীমানার ভেতরে কোনো হামলার ঘটনা ঘটেনি। শাহপরান থানা পুলিশও একইভাবে এমন ঘটনার কথা অস্বীকার করেছে।
হামলার পর সিলেট সার্কিট হাউসে জরুরি সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজ আমার গায়ের রক্ত ঝরেছে।” তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে জানান, গাড়িটি রওয়ানা হওয়ার পর বিকট শব্দে কাচ ভেঙে পড়ে এবং ইটের আঘাতে তার হাত কেটে যায়।
নাসীরুদ্দীন পাটওয়ারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, উসকানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে এবং তিনি নিজের জীবন নিয়ে শঙ্কিত। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনা করেন এবং হামলার প্রমাণ হিসেবে ক্ষতিগ্রস্ত গাড়ি ও রক্তচিহ্নের কথা উল্লেখ করেন।
এদিকে, সিলেট জেলা এনসিপির সদস্যসচিব কামরুল আরিফ নিশ্চিত করেছেন যে, চলন্ত বহরে পাথর ছুড়ে নাশকতা চালানো হয়েছে, তবে হামলাকারীদের পরিচয় চিহ্নিত করা সম্ভব হয়নি।

























