তরুণদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- আপলোড সময় : ০৯:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণদের আত্মত্যাগের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও তরুণদের শক্তি ও পরিকল্পিত উদ্যোগই বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।’
বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা অন্যতম। তবে চ্যালেঞ্জের পাশাপাশি সম্ভাবনাও অনেক। পরিকল্পিতভাবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।’
তিনি আরও জানান, রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয়। ধৈর্য, পরিকল্পনা এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের আর্থিক সীমাবদ্ধতা ও বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।’























