হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩১
- আপলোড সময় : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
দেশে চলমান হাম পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৮৩১ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, হামের উপসর্গে ৭৩৫ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে এবং চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাম ও হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৭৫ জন।
নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের শরীরে, ফলে মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৩৯ জন। এছাড়া নতুন করে ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ২৬ হাজার ৫৪০ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯ হাজার ৩৬৬ জন, যাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ পাঁচ হাজার ১৯৮ জন।

























