‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন
- আপলোড সময় : ০১:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘জোর যার মুলুক তার’ নীতিতে সবকিছু চলছে। তিনি বুধবার (২৯ জুলাই) রাজধানীর বাড্ডায় স্থানীয় একটি মিলনায়তনে বাড্ডা থানা দক্ষিণ জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
সেলিম উদ্দিন বলেন, দেশে অচলাবস্থার সৃষ্টি হয়েছে মূলত কুয়ার ময়লা অপসারণ না করে শুধু পানি অপসারণের কারণে। তিনি অভিযোগ করেন, রাজনীতিতে অসৎ নেতৃত্বের কারণে রাষ্ট্রের কল্যাণকামীতা থেকে জনগণ বঞ্চিত হয়েছে। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য অসৎ নেতৃত্বকে রাজনীতি থেকে তাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, ভোগবাদী রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয় এবং স্বাধীনতার অর্ধশতাব্দী অতিক্রান্ত হলেও দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। সেলিম উদ্দিন অভিযোগ করেন, সরকার পরিবর্তন হলেও জনগণের ভাগ্য পরিবর্তনের পরিবর্তে সরকারের নিজেদের ভাগ্য পরিবর্তনে বেশি মনোযোগ দেওয়া হয়েছে।
সেলিম উদ্দিন নগরীর সমস্যাগুলোর সমাধানে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বহীনতার কথা উল্লেখ করে বলেন, নগরী এখন অপরিচ্ছন্ন ও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। তিনি বর্জ ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন এবং মশক নিধনে আধুনিকতার অভাবের কথা তুলে ধরেন।
সমাবেশে সভাপতিত্ব করেন থানার আমির মাসুদুর রহমান। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাজিম উদ্দিন মোল্লা ও কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মারুফ। এ সময় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

























