কুমিল্লার সীমান্তে নারীর মরদেহ উদ্ধার
- আপলোড সময় : ০১:২৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২১৭ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্তের একটি পিলারের পাশে রোকেয়া বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০১ জুলাই) সকালে চৌদ্দগ্রাম থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন এ তথ্য নিশ্চিত করেন।
রোকেয়া বেগম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের মরহুম আলী আশরাফের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মাঝে ভিক্ষা করতেন। মঙ্গলবার (৩০ জুন) সকালে তিনি বাড়ি থেকে লাকড়ি খুঁজতে বের হয়ে আর ফিরে আসেননি।
রাত ৯টার দিকে জগন্নাথদীঘি বিজিবি ক্যাম্পের সদস্যদের অনুমতি নিয়ে স্বজন ও স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় তাকে খুঁজতে যান। কিছুক্ষণ পর সীমান্তের ১৪১৩নং পিলারের পাশে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে জানান। বিজিবির মাধ্যমে খবর পেয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিজিবি জগন্নাথদীঘি ক্যাম্পের সুবেদার মোর্শেদ বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন রোকেয়া বেগমের লাশ দেখতে পেয়ে তাদের জানান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি মোহাম্মদ আরিফ হোছাইন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

























