পাকিস্তানের দাবি, বেলুচিস্তানে আফগানিস্তানের ৪টি ড্রোন ভূপাতিত
- আপলোড সময় : ০৬:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে যে, আফগানিস্তান থেকে পাঠানো চারটি ড্রোন বেলুচিস্তান সীমান্তে ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এই ঘটনার জন্য আফগান তালেবান সরকারকে দায়ী করেছে, বলছে এটি পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি ব্যর্থ উসকানি।
৩০ জুন প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, আফগান তালেবান নিয়ন্ত্রিত এলাকা থেকে ড্রোনগুলো পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। তাদের অভিযোগ, এই ড্রোনগুলো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তায় পাঠানো হয়েছে।
আইএসপিআর আরও জানায়, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ড্রোনগুলো শনাক্ত করে এবং নিরাপত্তা বাহিনী উন্নত প্রযুক্তি ব্যবহার করে সবগুলো ধ্বংস করে দেয়। এতে সম্ভাব্য হামলার চেষ্টা নস্যাৎ হয়েছে বলে দাবি করা হয়েছে।
পাকিস্তান তালেবানকে সন্ত্রাসীদের প্রতি পৃষ্ঠপোষকতা বন্ধ করতে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো উসকানির জবাব কঠোরভাবে দেওয়া হবে।
এদিকে, রাশিয়া সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং পাকিস্তান ও আফগানিস্তানকে দ্বিপাক্ষিক বিরোধ কূটনৈতিক ও রাজনৈতিক পথে সমাধানের আহ্বান জানিয়েছে। রাশিয়া পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলাকে দুঃখজনক বলে উল্লেখ করেছে, যেখানে অন্তত ২৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
























