কক্সবাজারে ইয়াবার আসরে বিএনপি নেতা সহ ছয়জন আটক
- আপলোড সময় : ০৭:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী এলাকায় একটি মাদকের আসরে অভিযান চালিয়ে বিএনপি নেতা জুবায়েদ উল্লাহ জুয়েল (৪০) সহ ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) ভোর ৪টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে যাওয়া হয়। অভিযানের সময় জুয়েল টয়লেটে লুকিয়ে পড়েন। পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে এবং অন্য পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
আটকদের মধ্যে অন্যরা হলেন শাহাবুদ্দিন (৪০), মোহাম্মদ জয়নাল আবেদিন (৩৩), আশরাফ ছিদ্দিকি (২৬), আল আতা ছাদেকি তুহিন (২৭) এবং রাসেল উদ্দিন (২৮)। অভিযানে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
জুবায়েদ উল্লাহ জুয়েলের রাজনৈতিক পরিচয় নিয়ে ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ জানান, জুয়েলের বাবা প্রয়াত মৌলভী হাবিব উল্লাহ বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। তিনি দাবি করেন, জামায়াতের কিছু নেতাকর্মী জুয়েলকে বিতর্কিত করার জন্য এই ঘটনা ঘটিয়েছে।

























