পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের ড্রোন হামলা ও পাল্টা দাবি
- আপলোড সময় : ১১:৩৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে
আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশে চারটি ড্রোন পাঠানো হয়েছিল, যা পাকিস্তান সেনাবাহিনী ভূপাতিত করেছে। এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। অপরদিকে, আফগানিস্তান দাবি করেছে, তারা পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইএস (দায়েশ) ঘাঁটিতে সফল বিমান হামলা চালিয়েছে। খবরটি প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর পাঠানো ড্রোনগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়। পাকিস্তানের অভিযোগ, এসব ড্রোন আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।
অন্যদিকে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমুখপাত্র সিদ্দিকুল্লাহ নুসরাত জানান, আফগান বিমান বাহিনী পাকিস্তানের ভেতরে আইএস ঘাঁটিতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। তিনি দাবি করেন, হামলাগুলো নিখুঁতভাবে পরিচালিত হয়েছে এবং এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি।
সম্প্রতি পাকিস্তানের করাচিতে একটি নিরাপত্তা স্থাপনায় জঙ্গি হামলার পর ইসলামাবাদ আফগানিস্তানের ভেতরে হামলা চালায়, যা দুই দেশের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালায়, তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে আসছে।























