ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণ
- আপলোড সময় : ০৫:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মাধ্যমে শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
কর্মসূচির প্রথম অংশ হিসেবে ১ জুলাই জাতীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। ১৫ জুলাই টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের নেতারা অংশগ্রহণ করবেন। একই দিন সারাদেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রতীকী জুলাই’ শীর্ষক লাইভ পারফরম্যান্স এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২২ জুলাই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
২৪ ও ২৫ জুলাই শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে। ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।






















