টাঙ্গাইলে বিধবা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার, হত্যার সন্দেহ
- আপলোড সময় : ০৭:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের হাসপাতাল গেইটের দক্ষিণে তার বাসার কাছের একটি ডোবা থেকে মরদেহটি পাওয়া যায়।
পারভীন আক্তার মৃত হুমায়ন খানের স্ত্রী এবং দুই সন্তানের জননী। তার ছেলে ঢাকার সাভারে চাকরি করেন এবং মেয়ে সম্প্রতি বিয়ে করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, পারভীন একাই বাসায় থাকতেন।
গত ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে তার ছেলে সোহেল রানা ফাহাদের সঙ্গে মোবাইলে সর্বশেষ কথা হয়। পরদিন মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাকে ফোন করলেও তিনি কল রিসিভ করেননি। একই দিন সন্ধ্যায় ফাহাদ থানায় অপহরণ মামলা করেন।
পুলিশ ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর বুধবার সকালে ডোবা থেকে পারভীনের মরদেহ উদ্ধার করে। নিহতের ছেলে ফাহাদ দাবি করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সহকারী পুলিশ সুপার (এএসপি) বাসাইল-সখীপুর ইনচার্জ এ কে এম মামুনুর রশিদ জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অনুযায়ী এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং দায়ীদের সনাক্তকরণের কাজ চলছে।


























