ডেমরার সারুলিয়ায় গ্রেফতার দুই মাদক সম্রাট কারাগারে
- আপলোড সময় : ০১:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ২০৭ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে গ্রেফতার ২ মাদকসম্রাটকে রোববার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার সারুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ২০ পিচ ইয়াবা বড়ি ও ৯৬ পুড়িয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ডেমরা সারুলিয়া নদীর পাড় এলাকার মৃত আতাব্বরের ছেলে মো. অহিদুল (৪৫) ও একই এলাকার আজাদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও গাইবান্ধার শাঘাটা থানার চিনিপটন গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মোহা. এমদাদুল হক (৪৫)। তারা দুজনেই ওই এলাকার মাদকসম্রাট খ্যাত মাদক চোরাকারবারি বলে জানিয়েছেন ডেমরা থানা পুলিশ। এই ঘটনায় শনিবার রাতেই ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মুরাদ হোসেন (পিপিএম) বলেন, গ্রেফতার অহিদুল ও এমদাদুল সারুলিয়া নদীর পাড় এলাকায় দীর্ঘদিন ধরে জনসম্মুখে গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছিল বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। অহিদুলের নামে এর আগেও ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রুজু করা হয়েছে। জেল থেকে বেরিয়ে অহিদুল ও এমদাদুল আবারো মাদক বিক্রি শুরু করে।























