রাজধানীর ডেমরায় একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো ম-১৪-১২৫৮) ধাক্কায় মো. সাদ্দাম মিয়া (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা করেন মৃতের বড় ভাই মনির হোসেন (৩৮)। ওইদিন বেলা সাড়ে ১০ টার দিকে ডেমরা ব্রীজের ঢালে কাভার্ড ভ্যানটি মৃতের মোটর সাইকেলের (ঢাকা মেট্রো-ল-৫০-৭৫৭৬) পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় সাদ্দাম ছিটকে পড়ে মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে স্থানীয় ট্রপিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার গুরুতর অবস্থা দেখে সাদ্দামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। পরবর্তীতে গুরুতর অবস্থায় ঢামেকে নিয়ে গেলে বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে কর্তব্যরত ডাক্তার সাদ্দামকে মৃত ঘোষণা করেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মাসাব এলাকার আব্দুল লতিফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, নিহত সাদ্দাম গত ৩ বছর ধরে ঢাকার বিজয় নগরে এসএসবি গ্লোবাল ওবারসিস লি: কোম্পানিতে চাকুরি করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় তিনি রূপগঞ্জ থেকে অফিসের উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন মোটর সাইকে যোগে। এ সময় ডেমরা ব্রীজের ঢালে আসামাত্র পেছন থেকে কাভার্ড ভ্যানটি সাদ্দামের মোটর সাইকেলে সজোরে ধাক্কা দেয়।