ডেমরায় বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবীর ব্যাপক গণসংযোগ
- আপলোড সময় : ০৮:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ২২৯ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন সামনে রেখে ঢাকা-৫ আসনের ডেমরায় ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী। এ সময় তিনি নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ হাতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ড এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়েছে। ওয়ার্ডের শুকরসি, দারুন্নাজাত মাদ্রাসা এলাকা, আমতলা, বক্সনগর, লালশাহ মাঝার, মহাকাশ রোড ও ওরিয়েন্টাল স্কুল রোডসহ প্রায় প্রতিটি এলাকায় তিনি নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন বিএনপির এ প্রার্থী। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি এলাকার নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
এ সময় উপস্থিত ছিলেন আসনটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি, ডেমরা থানা বিএনপির আহবায়ক এস.এম.রেজা চৌধুরী সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আনিসুজ্জামান, ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক দুলাল মেম্বার, বিএনপি নেতা জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নবী উল্লাহ নবী ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন এবং একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত ঢাকা-৫ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন। গণসংযোগকালে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি।





















