তিন পুলিশের মৃত্যুদণ্ড, দু’জনের সাজা ঘোষণা
- আপলোড সময় : ০২:০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় এক তরুণকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের এবং এএসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান।
মামলায় মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। গত বছরের ৭ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, শহীদ পরিবার ন্যায়বিচার পেয়েছে।
রায়টি সরাসরি সম্প্রচার করছে বিটিভি। মামলার চার আসামি পলাতক রয়েছে, তবে চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। প্রসিকিউশন দাবি করেছে, তারা তথ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। আসামিপক্ষের আইনজীবীরা তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।


























