১৭তমবারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
- আপলোড সময় : ০২:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৭তমবারের মতো পিছিয়ে আগামী ১৫ জুলাই নির্ধারণ করেছে আদালত। রোববার (২৮ জুন) মামলার তদন্তকারী সংস্থা সিআইডির ঢাকা মেট্রো (পূর্ব) বিভাগের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে বাদী আবদুল্লাহ আল জাবের অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে নারাজি আবেদন করেন।
১২ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন বাদীপক্ষের আইনজীবী সময় চাইলে আদালত ১৫ জানুয়ারি দিন ধার্য করেন। ওই দিন বাদীপক্ষ নারাজি আবেদন করলে আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দিয়ে সিআইডির কাছে তদন্তভার হস্তান্তর করেন।
শরিফ ওসমান হাদি ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগে বের হলে বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলেও ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
হাদির মৃত্যুর পর ১৪ ডিসেম্বর আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন, যা পরবর্তীতে হত্যা ধারায় রূপান্তরিত হয়। তদন্ত শেষে ডিবি পুলিশ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে, যেখানে রাজনৈতিক প্রতিহিংসা ও ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়।


























