বরিশালে সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপলোড সময় : ০৯:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
দৈনিক সমকালের বর্তমান অফিস প্রধান সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জি তার ফোন ধরছিলেন না, বিষয়টি তার স্ত্রী তাকে জানান। এরপর তিনি অফিসে এসে দেখেন, অফিসের প্রবেশের দরজা ভেতর থেকে আটকানো ছিল। দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জিকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে।
সুমন চৌধুরী আরও বলেন, পুলক চ্যাটার্জি সর্বশেষ দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। প্রায় তিন বছর আগে চাকরি চলে যাওয়ার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি মাঝে মাঝে সমকাল অফিসে এসে বসতেন এবং পত্রিকা পড়তেন।
মহানগরীর কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।
বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার সুশান্ত সরকার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পুলক চ্যাটার্জি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ এবং সিআইডি টিম ঘটনাস্থলে এসে তদন্ত করেছে।
























