হিজলায় কৃষকের ওপর হামলা ও তরমুজ খেতে ভাঙচুরের অভিযোগ, থানায় জিডি
- আপলোড সময় : ০৯:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ২৬১ বার পড়া হয়েছে
বরিশালের হিজলা উপজেলায় এক কৃষকের ওপর হামলা ও তরমুজ খেতে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক নান্নু খান হিজলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের লাছকাঠির চর এলাকার কৃষক নান্নু খান স্থানীয় আলমগীর সিকদারের কাছ থেকে আগুরি খাজনায় একটি জমি নিয়েছিলেন। পরে আলমগীর সিকদার ওই জমি তিন মাসের জন্য তরমুজ চাষিদের কাছে দেন। তখন নান্নু খানকে জানানো হয়, তিন মাস পর তিনি আবার ওই জমিতে চাষাবাদ করতে পারবেন।
এ সময় তরমুজের জমিতে গজানো ঘাস তরমুজ চাষিরা নান্নু খানকে তার গরু দিয়ে খাওয়ানোর অনুমতি দেন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, চরকিল্লা এলাকার স্থানীয় নেতা কাদের সিকদারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি নান্নু খানের ওপর হামলা চালায়।
ভুক্তভোগী নান্নু খানের অভিযোগ, কাদের সিকদার তার এলাকা থেকে আবুবকর সিকদার, কথিত মাদক সম্রাট লিটন সিকদারসহ আরও কয়েকজনকে নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে ডেকে এনে মারধর করেন। পরে রাতে তারা দলবল নিয়ে তার তরমুজ খেতে গিয়ে ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করে।
এ ঘটনায় নান্নু খান হিজলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি তিনি উপজেলা কৃষি কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা অভিযোগটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।























