পরিণীতি চোপড়ার প্রথম ওয়েব সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ মুক্তি পাচ্ছে
- আপলোড সময় : ১০:০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩৬ বার পড়া হয়েছে
বলিউড তারকা পরিণীতি চোপড়া প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন। নেটফ্লিক্সের ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজের মাধ্যমে তিনি ওয়েব সিরিজের দুনিয়ায় প্রবেশ করছেন। সিরিজটি ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।
পরিণীতি চোপড়া এর আগে ওয়েব ফিল্মে কাজ করেছেন, যেমন ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। তার সর্বশেষ সিনেমা ‘অমর সিং চামকিলা’ও নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। তবে ওয়েব সিরিজে অভিনয় করা এবারই প্রথম তার জন্য।
‘শাক: ট্রাস্ট নো ওয়ান’ সিরিজে পরিণীতি একজন মায়ের চরিত্রে অভিনয় করছেন, যার সন্তান ৯ বছর আগে হারিয়ে গেছে। এই সিরিজে মাতৃত্বের আবেগ, সন্তানের খোঁজে দীর্ঘ সময়ের লড়াই এবং চারপাশের সম্পর্কের ওপর থেকে বিশ্বাস হারানোর গল্প তুলে ধরা হয়েছে।
সিরিজটির পরিচালক রেন্সিল ডি’সিলভা জানিয়েছেন, এটি একটি থ্রিলার যা চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে। তিনি বলেন, “দীর্ঘ ৯ বছর ধরে হার না মানা এক মায়ের আবেগঘন ও রোমাঞ্চকর জার্নিকে পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে আমি আনন্দিত।”
নেটফ্লিক্স ইন্ডিয়ার সিরিজ হেড তানিয়া বামী জানান, এই সিরিজটি কেবল রোমাঞ্চকর ক্রাইম ড্রামা নয়, বরং ৯ বছর ধরে সন্তানের জন্য মায়ের সংগ্রামের গল্প। সিরিজের অন্যান্য অভিনেতাদের মধ্যে সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী রয়েছেন।















