নদীগর্ভে বিলীন বাহেরচর গ্রাম, রাস্তার ওপর বসবাস করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো
- আপলোড সময় : ০৬:১৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর গ্রাম পায়রা নদীর ভাঙনে অস্তিত্ব সংকটে রয়েছে। গত কয়েক দিনে অন্তত ২০টি পরিবার ভিটেমাটি হারিয়েছে এবং তারা এখন সরকারি রাস্তার ওপর মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয়দের দাবি, এ পর্যন্ত দেড় শতাধিক পরিবার নদীভাঙনের শিকার হয়েছে। অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন, আর যাদের যাওয়ার জায়গা নেই, তারা বারবার নদীর পাড়ে নতুন করে ঘর বাঁধছেন। কিছু পরিবারকে ৮ থেকে ১০ বার পর্যন্ত ঘর তুলতে হয়েছে।
ভাঙনের ঝুঁকিতে রয়েছে ৩২ নম্বর আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার, সিকদার বাড়ি জামে মসজিদ ও মোল্লা বাড়ি। স্থানীয়রা আশঙ্কা করছেন, ভাঙন অব্যাহত থাকলে এসব প্রতিষ্ঠানও নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
নিটুলী রানী নামের এক ভুক্তভোগী জানান, তিনি সাতবার নদীভাঙনে ভিটেমাটি হারিয়েছেন এবং বাধ্য হয়ে রাস্তার পাশে আশ্রয় নিয়েছেন। অন্য ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
আঙ্গারিয়া ইউনিয়নের ইউপি সদস্য শাহীন গাজী এবং চেয়ারম্যান মো. জিল্লুর রহমান প্রশাসনের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণসহায়তা দেওয়া হবে এবং ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।
























