জোবায়েদ হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জবি ছাত্রদল নেতা জাফর আহমেদের
- আপলোড সময় : ১১:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ৩৪৯ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ। আজ বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় মসজিদে জোবায়েদের স্মরণে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান।
গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার বংশালে নির্মমভাবে হত্যা করা হয় শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে জাফর আহমেদ বলেন, একজন শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু কেবল তাঁর পরিবারকেই নয়, পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারকে ব্যথিত করেছে। এই হত্যাকাণ্ডের বিচার আর কোনোভাবেই দীর্ঘসূত্রতায় আটকে থাকতে পারে না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম দ্রুত, নিরপেক্ষ এবং স্বচ্ছতার সঙ্গে এগিয়ে নিতে হবে। ঘটনার সঙ্গে জড়িত দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।
জাফর আহমেদ আরও উল্লেখ করেন, জোবায়েদের পরিবার যাতে ন্যায়বিচার পায় এবং সাধারণ শিক্ষার্থীরা যেন বিচারব্যবস্থার প্রতি আস্থা ফিরে পান, সেজন্য এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হওয়া আবশ্যক। ভবিষ্যতে আর কোনো পরিবারকে যেন এমন নির্মম শোকের মুখোমুখি হতে না হয়, সেই তাগিদ দিয়ে তিনি বলেন, জোবায়েদের স্মৃতি তাঁদের হৃদয়ে চিরকাল থাকবে এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে তাঁদের প্রয়াস অব্যাহত থাকবে।
















