মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন
- আপলোড সময় : ১২:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে মেট্রোরেলের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও টেকসই পরিচালনা নিশ্চিত করতে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে। বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৫ সালের ২৬ অক্টোবর মেট্রোরেলের একটি দুর্ঘটনার পর উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সেফটি অডিট কমিটি গঠন করা হয়। তদন্ত ও পরিদর্শন শেষে কমিটি ‘আইডেন্টিফিকেশন অব অপারেশনাল রিস্কস, সেফটি অডিট অ্যান্ড স্ট্রাকচারাল ইন্টিগ্রেটি অব দ্য কনস্ট্রাকটেড করিডর অব এমআরটি-৬’ শীর্ষক প্রতিবেদন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে আদালতে জমা দেয়।
প্রতিবেদন পর্যালোচনা করে উচ্চ আদালত ডিএমটিসিএলকে ২৮টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন। এর মধ্যে আটটি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি এবং ১০টি দীর্ঘমেয়াদি সুপারিশ রয়েছে। আদালত ডিএমটিসিএলের চলমান ও ভবিষ্যৎ সব এমআরটি প্রকল্পে বাস্তবায়নের জন্য কমিটির আরো ছয়টি কৌশলগত সুপারিশ অনুসরণের নির্দেশ দিয়েছেন।
এসব নির্দেশনা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সুপারিশ বাস্তবায়ন, সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় এবং সার্বিক অগ্রগতি নিয়মিত তদারকি করবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং ডিএমটিসিএলের প্যানেল আইনজীবীর মাধ্যমে অগ্রগতি প্রতিবেদন নিয়মিত উচ্চ আদালতে দাখিল করা হবে।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা কাজ করছে। বিশেষজ্ঞদের সুপারিশ ও আদালতের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরো নিরাপদ, শক্তিশালী এবং আন্তর্জাতিক মানে উন্নীত হবে বলে সংস্থাটি আশা করছে।
























