২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনা
- আপলোড সময় : ০৬:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ২৩১ বার পড়া হয়েছে
সরকার ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে দেশের ১ কোটি ৬১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৪৪টি জেলার ৫৫টি উপজেলায় তিন ধাপে পাইলট প্রকল্প হিসেবে ৬৯ হাজার ৩৮৭ জন নারী-প্রধান পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়ের তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
তিনি জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই সারাদেশে সমন্বিত পরিবার শুমারি পরিচালনা করা হবে, যার মাধ্যমে ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এই শুমারির ভিত্তিতে ১ কোটি ৬১ লাখ পরিবারকে আধুনিক ডাটাবেজের আওতায় এনে ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। তথ্য সংগ্রহকারী নিয়োগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ‘ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা, ২০২৬’ জারি করা হয়েছে।
ঢাকা-১৮ আসনের ফ্যামিলি কার্ডের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, পাইলট প্রকল্প হিসেবে কিছু এলাকায় কার্যক্রম শুরু হয়েছে এবং চলতি অর্থবছরেই ব্যাপকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।






















