যুব দিবসের পৃথক উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার
- আপলোড সময় : ০৭:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রতি বছরের ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ এবং ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ পৃথকভাবে উদযাপন করা হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোক্তা হিসেবে এ প্রস্তাব উত্থাপন করে। এর আগে, ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ একসঙ্গে উদযাপন করা হত। তবে, অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
২০২৫ সালে উভয় দিবস ১২ আগস্ট একসঙ্গে উদযাপনের সময় বর্ষাকাল থাকায় যুব র্যালি, যুব সমাবেশ ও যুবমেলা সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ে অসুবিধার মুখে পড়েন।
এছাড়া, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়। সরকারি অর্থায়নে জাতীয় যুব দিবস উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে ১২ আগস্ট উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে।
























