দক্ষিণ কোরিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই সাবেক চীনা সামরিক কর্মকর্তা গ্রেপ্তার
- আপলোড সময় : ০৫:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
দক্ষিণ কোরিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক দুই চীনা সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং সামরিক যোগাযোগে আড়িপাতার অভিযোগ রয়েছে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার পুলিশের তথ্যমতে, ৬০-এর কোঠায় থাকা এক চীনা নাগরিক ও সাবেক পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সদস্য ২০২৪ সালের জানুয়ারি থেকে পর্যটন ভিসায় একাধিকবার দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেন। তিনি দক্ষিণাঞ্চলীয় শহর গুনসানের একটি বিমানবন্দরের কাছে হোটেলে অবস্থান করে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে যুদ্ধবিমান ও এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের মধ্যে যোগাযোগে আড়ি পাততেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, তার অবস্থান ও কার্যক্রমের সময় দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের নিয়মিত বিমান মহড়ার সঙ্গে মিলে যায়। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বিমান যোগাযোগ শোনা তার শখ বলে দাবি করেছেন। তবে এসব তথ্য চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল কি না, তা তদন্ত করছে পুলিশ।
অন্য সন্দেহভাজন ব্যক্তি ৪৫ বছর বয়সী চীনা নাগরিক এবং সাবেক পিএলএ কর্মকর্তা। তিনি দক্ষিণ কোরিয়ার পিয়ংটেকে অবস্থিত ক্যাম্প হামফ্রিসের কাছে একটি মার্কিন সামরিক সরঞ্জামের দোকান পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, তিনি ঘাঁটিতে কর্মরত এক দক্ষিণ কোরীয় নারীকে ব্যবহার করে যৌথ সামরিক মহড়া, সেনা চলাচল ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করেন।
দুই সন্দেহভাজনের বিরুদ্ধে শত্রুকে সহায়তা, সামরিক তথ্য সুরক্ষা এবং যোগাযোগের গোপনীয়তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।





















